কাঁধে ব্যথা কিসের লক্ষণ? কাঁধের ব্যথা থেকে স্থায়ী মুক্তি পাওয়ার উপায়

সকালে ঘুম থেকে উঠে হাত তুলতে গেলে টান লাগে, কাপড় পরতে অস্বস্তি হয়, কিংবা সারাদিন ল্যাপটপের সামনে বসে কাজ করার পর কাঁধের সেই অসহ্য ভারি ভাব; এই অভিজ্ঞতা আমাদের অনেকেরই অতি পরিচিত। আমরা হয়তো ভাবি, ‘একটু বাম বা মালিশ করলেই কাঁধের ব্যথা সেরে যাবে।’ কিন্তু কাঁধে ব্যথা (Shoulder Pain) সবসময় এতটা সাধারণ নয়। অনেক সময় এটি আমাদের শরীরের দেওয়া একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে।

কাঁধের জয়েন্ট আমাদের শরীরের অন্যতম জটিল  একটি অংশ। আমাদের দীর্ঘ সময়ের ভুল ভঙ্গিতে বসা, অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার, হঠাৎ ভারী কোন জিনিস তোলা, খেলাধুলায় আঘাত পাওয়া কিংবা বয়সজনিত জয়েন্টের ক্ষয়ের কারণে ধীরে ধীরে ব্যথা শুরু হতে পারে। কিছু ক্ষেত্রে এটি ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder) বা রোটেটর কাফ ইনজুরির মতো গভীর সমস্যার ইঙ্গিত হতে পারে। আবার হঠাৎ করে বাম কাঁধে তীব্র ব্যথা হলে সেটি হৃদরোগের সম্ভাব্য সতর্ক সংকেতও হতে পারে- যদিও সব বাম কাঁধের ব্যথাই হৃদরোগ নয়। তাই কাঁধের ব্যথাকে অবহেলা না করে এর প্রকৃত কারণ জানা এবং সময়মতো সঠিক চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।

চলুন জেনে নিই- কাঁধের ব্যথার কারণ, বাম ও ডান কাঁধের ব্যথার পার্থক্য, এবং আধুনিক চিকিৎসা যেমন PRP থেরাপি, ফিজিওথেরাপি থেকে শুরু করে ঘরোয়া উপায়ে কাঁধের ব্যাথার স্থায়ী সমাধানের উপায়।

কাঁধের ব্যথা কী? 

আমরা প্রতিদিন কতবার যে কাঁধ ব্যবহার করি, তা হয়তো গুনে বলা যাবে না। হাত তুলে কিছু ধরা, জামা পরা, মাথার পেছনে হাত নেওয়া, ব্যাগ তোলা কিংবা চুল আঁচড়ানো এই ছোট ছোট কাজগুলো করতে গেলে কাঁধের ব্যবহার এর প্রয়োজনীয়তা অপরিসীম। 

সহজভাবে বলতে গেলে, কাঁধ একটি জটিল তালের মতো, যা তিনটি প্রধান হাড়ের সমন্বয়ে গঠিত: আমাদের বাহুর উপরের অংশ (হিউমেরাস), পিঠের দিকের চ্যাপ্টা হাড় (স্ক্যাপুলা) এবং কলারবোন (ক্ল্যাভিকল)। এই হাড়গুলোকে এক সুতোয় গেঁথে রাখে একগুচ্ছ পেশি, টেন্ডন এবং লিগামেন্ট। এই পুরো কাঠামোটি যখন সুস্থ থাকে, আমরা হাতকে সবদিকে অনায়াসে ঘুরাতে পারি। যখন কাঁধের কোনো একটি অংশে পুরনো কোন আঘাত বা নতুন করে আঘাত লেগে, প্রদাহ (Inflammation) তৈরি হয়, পেশি বা টেনডন ক্ষতিগ্রস্ত হয়, কিংবা জয়েন্টে শক্তভাব ও ক্ষয় শুরু হয় তখনই কাঁধে ব্যথা অনুভূত হয় আর এই অবস্থাকেই আমরা ‘কাঁধের ব্যথা’ বা Shoulder Pain বলি।

মনে রাখবেন, কাঁধের ব্যথা মানেই যে কেবল সাধারণ পেশির টান, তা কিন্তু নয়। এটি ফ্রোজেন শোল্ডার বা আর্থ্রাইটিসের মতো কোনো জটিলতার সতর্ক সংকেত হতে পারে। তাই শুরুতে একে অবহেলা করা মানেই  ভবিষ্যতে কাঁধের স্বাভাবিক কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়িয়ে দেওয়া।

কাঁধে ব্যথার কারণ

কাঁধে ব্যথা শুরু হলেই আমরা অনেক সময় একটি কারণ ধরে নিই- “হয়তো পেশিতে টান লেগেছে” বা “একটু বেশি কাজ করেছি।” কিন্তু বাস্তবে কাঁধে ব্যথার পেছনে একাধিক কারণ থাকতে পারে। কখনো এটি হঠাৎ কোনো আঘাতের কারণে শুরু হয়, আবার কখনো ধীরে ধীরে জমতে থাকা চাপ, ভুল ভঙ্গি বা দীর্ঘদিনের অবহেলার ফল হিসেবে দেখা দেয়। নিম্নে কাঁধে ব্যথার কারণসমূহ আলোচনা করা হলো-

রোটেটর কাফ ইনজুরি 

আমার কাছে অনেক সময় রোগীরা এসে বলেন, স্যার, হাত উপরে তুলতে গেলেই কাঁধে যেন ছুরির মতো ব্যথা লাগে।” আসলে এই ধরনের ব্যথার পেছনে অন্যতম সাধারণ কারণ হলো রোটেটর কাফ ইনজুরি

আমাদের কাঁধের জয়েন্টকে চারপাশ থেকে ধরে রাখে একগুচ্ছ পেশি ও টেন্ডন, যাকে আমরা বলি ‘রোটেটর কাফ’। এগুলো কাঁধকে স্থিতিশীল রাখে এবং হাত উপরে তোলা বা ঘোরানোর মতো কাজে শক্তি যোগায়। কোনো কারণে এই পেশি বা টেন্ডনে টান লাগলে, প্রদাহ (Inflammation) হলে কিংবা বয়সজনিত কারণে হাড়ের ক্ষয় হলে রোটেটর কাফ ইনজুরি দেখা দেয়। এই সমস্যায় সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়-

  • হাত উপরে তুলতে গেলে মনে হয় পেশিতে কেউ চেপে ধরছে বা তীব্র টান লাগছে।
  • রাতে ঘুমানোর সময়, বিশেষ করে ব্যথার পাশে কাত হয়ে শুলে যন্ত্রণার তীব্রতা বেড়ে যায়।
  • কাঁধে শক্তি কমে যাওয়া বা হাত দিয়ে ভারী কিছু তুলতে গেলে কাঁপুনি অনুভব করা।

রোটেটর কাফ ইনজুরি সাধারণত তাদের বেশি দেখা যায় যারা নিয়মিত ভারী কাজ করেন, খেলাধুলার সাথে যুক্ত থাকেন (বিশেষ করে যেসব খেলায় বারবার হাত উপরে তুলতে হয় যেমন: ক্রিকেট বা ব্যাডমিন্টন), কিংবা বয়স বাড়ার সাথে সাথে যাদের টেনডনে স্বাভাবিক ক্ষয় শুরু হয়েছে। শুরুতে অনেকেই এটিকে সাধারণ পেশির টান মনে করে অবহেলা করেন এবং  সঠিক সময়ে চিকিৎসা নেন না। এর ফলে ব্যথা দীর্ঘস্থায়ী রয়ে যায় এবং কাঁধের স্বাভাবিক নড়াচড়া সীমিত হয়ে পড়তে পারে। 

ফ্রোজেন শোল্ডার 

কাঁধের ব্যথার রোগীদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম হলো’ ফ্রোজেন শোল্ডার’। ডাক্তারি ভাষায় একে আমরা বলি অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস (Adhesive Capsulitis)।  ফ্রোজেন শোল্ডার এমন একটি অবস্থা, যেখানে কাঁধের জয়েন্টের চারপাশে থাকা ক্যাপসুল ধীরে ধীরে শক্ত ও সংকুচিত হয়ে যায়। এর ফলে কাঁধে ব্যথা তৈরি হয় এবং সময়ের সাথে সাথে হাত নাড়াচড়া করা সীমিত হয়ে পড়ে। শুরুতে হয়তো হালকা ব্যথা বা টান অনুভূত হয়, কিন্তু কয়েক মাসের মধ্যে কাঁধ ক্রমশ শক্ত হয়ে যায় এবং জামা পরা, চুল আঁচড়ানো কিংবা হাত উপরে তোলার মতো সাধারণ কাজও কঠিন হয়ে পড়ে।

ফ্রোজেন শোল্ডারের ৩টি ধাপ

  1. ফ্রিজিং স্টেজ (Freezing): এই পর্যায়ে ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে কাঁধ শক্ত হয়ে যায়।
  2. ফ্রোজেন স্টেজ (Frozen): ব্যথা কিছুটা কমলেও কাঁধ অত্যন্ত শক্ত; হাত নাড়ানো প্রায় অসম্ভব।
  3. থয়িং স্টেজ (Thawing): চিকিৎসা ও ব্যায়ামের মাধ্যমে কাঁধ ধীরে ধীরে পুনরায় স্বাভাবিক অবস্থায় আসে।

সারভাইক্যাল স্পন্ডাইলোসিস

অনেকেই ভাবেন কাঁধে ব্যথা মানেই সমস্যটি কেবল কাঁধের জয়েন্টের ভেতরেই সীমাবদ্ধ। কিন্তু সব সময় তা নয়। অনেক ক্ষেত্রে ব্যথার আসল রহস্য লুকিয়ে থাকে ঘাড়ে, আর সেই যন্ত্রণাই ধীরে ধীরে কাঁধে ছড়িয়ে পড়ে। আমাদের ঘাড়ের হাড় (Cervical Vertebrae) এবং এর মাঝখানের ডিস্কগুলো বয়সজনিত কারণে ক্ষয়প্রাপ্ত হতে পারে কিংবা দীর্ঘদিনের ভুল ভঙ্গিতে বসার চাপে দুর্বল হয়ে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকেই বলা হয় ‘সারভাইক্যাল স্পন্ডাইলোসিস’। যখন ঘাড়ের কোনো স্নায়ুর ওপর চাপ পড়ে, তখন ব্যথা শুধু ঘাড়েই আটকে থাকে না; এটি কাঁধ, বাহু এমনকি হাতের আঙুল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এই সমস্যায় সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়-

  • ঘাড় থেকে কাঁধে নামা একধরণের তীব্র ‘টানধরানো’ ব্যথা।
  • হাতের পেশিতে দুর্বলতা, ঝিনঝিন করা কিংবা অবশ অনুভূতি হওয়া।
  • দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করলে বা মাথা নিচু করে থাকলে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়া।
  • ঘাড় ডানে-বামে ঘোরাতে অস্বস্তি বা ঘাড় শক্ত হয়ে থাকা (Stiffness)।

বিশেষ করে যারা দীর্ঘ সময় ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহার করেন, ডেস্কে ঝুঁকে কাজ করেন কিংবা ঘুমানোর সময় ভুল পজিশনে বালিশ ব্যবহার করেন, তাদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। বসা কিংবা ঘুমানোর সময় ভুল ভঙ্গির ব্যবহার দীর্ঘদিন ধরে চলতে থাকলে ঘাড়ের ডিস্ক ও স্নায়ুর ওপর যে চাপ তৈরি হয়, তা-ই একসময় দীর্ঘস্থায়ী কাঁধের ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

তাই কাঁধে ব্যথা হলে শুধু কাঁধের চিকিৎসা করলেই হবে না; ঘাড়ের অবস্থাও পরীক্ষা করা জরুরি। কেননা সঠিক কারণ নির্ণয়ই কার্যকর চিকিৎসার প্রথম ধাপ। অনেক সময় এই ব্যথার কারণে রাতের ঘুম ব্যাহত হয় কিংবা হাত দিয়ে কোনো কিছু ধরার শক্তি কমে যায়। এমনটা হলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

 আর্থ্রাইটিস 

আমরা যেমন বয়সের সাথে সাথে চুলে পাক ধরা বা ত্বকে বলিরেখা পড়াটাকে স্বাভাবিক মনে করি, আমাদের হাড়ের জয়েন্টগুলোতেও কিন্তু ঠিক তেমনই কিছু পরিবর্তন আসে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের কাঁধের জয়েন্টও স্বাভাবিকভাবে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। 

কাঁধের হাড়ের সংযোগস্থলে এক ধরণের মসৃণ আবরণ থাকে যাকে আমরা ‘কার্টিলেজ’ বলি। এটি জয়েন্টকে নমনীয় রাখে এবং হাড়ের ঘর্ষণ রোধ করে। কিন্তু বয়স বা দীর্ঘদিনের ব্যবহারের ফলে যখন এই কার্টিলেজ ক্ষয় হতে শুরু করে, তখন তাকে আমরা চিকিৎসাবিজ্ঞানে ‘শোল্ডার আর্থ্রাইটিস’ বলি। আর্থ্রাইটিস হলে রোগী সাধারণত যে ধরণের সমস্যার সম্মুখীন হন:

  • সকালবেলার আড়ষ্টতা: ঘুম থেকে ওঠার পর মনে হয় কাঁধটি একদম শক্ত হয়ে জমে আছে। হাত সচল করতে বেশ কিছুটা সময় লাগে।
  • জয়েন্টে অদ্ভুত শব্দ হওয়া: হাত নাড়াচাড়া করলে কিংবা ওপরে তোলার সময় জয়েন্টের ভেতর থেকে একধরণের কট-কট শব্দ (Grinding Sound) অনুভূত হতে পারে।
  • ধীরে ধীরে বাড়া ব্যথা: এই ব্যথা হুট করে আসে না। এটি মাসের পর মাস ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক সময় বিশ্রামের সময়ও কাঁধ কামড়াতে থাকে।

সাধারণত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দিলেও, আগে কাঁধে কোনো বড় চোট বা আঘাত লেগে থাকলে কম বয়সেও আর্থ্রাইটিস দেখা দিতে পারে। অনেকে একে সাধারণ ক্লান্তি মনে করে অবহেলা করেন, যা জয়েন্টের স্থায়ী ক্ষতি করতে পারে। তাই সময়মতো সঠিক ব্যায়াম এবং বিশেষজ্ঞের পরামর্শ আপনার কাঁধকে দীর্ঘ সময় সচল রাখতে সাহায্য করবে।

ডায়াবেটিস ও হরমোনজনিত সমস্যা  

অনেক ডায়াবেটিস রোগী লক্ষ্য করেন, হঠাৎ কাঁধের নড়াচড়া কঠিন হয়ে যাচ্ছে বা হাত উপরে তুলতে ব্যথা হচ্ছে। গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসের কারণে ফ্রোজেন শোল্ডারের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। এতে মূল কারণগুলো হলো-

  • রক্ত সঞ্চালন কমে যাওয়া, যা টিস্যু ও জয়েন্টের পুষ্টি কমায়
  • টেন্ডন ও জয়েন্টে শক্তভাব বা stiffness তৈরি হওয়া
  • ধীরে ধীরে কার্টিলেজ ক্ষয় ও জয়েন্টের কার্যকারিতা কমে যাওয়া। তাছাড়া, থাইরয়েড এবং অন্যান্য হরমোনজনিত সমস্যাও কাঁধের ব্যথার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো- সব কাঁধের ব্যথা একই ধরনের নয়। যদি ব্যথা দীর্ঘদিন ধরে থাকে বা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে নিজে নিজে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।

বাম কাঁধে ব্যথা কিসের লক্ষণ? 

বাম কাঁধে ব্যথা হলে অনেকেই স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান। এর প্রধান কারণ হলো- বাম কাঁধের ব্যথা কখনো কখনো হৃদযন্ত্রের সমস্যার সাথে সম্পর্কিত হতে পারে। তবে সবসময় বাম কাঁধের ব্যথা মানেই হার্টের সমস্যা এমন নয়। অনেক ক্ষেত্রেই এর পেছনে থাকে পেশি, ঘাড় বা কাঁধের নিজস্ব সমস্যা।  সুতরাং আতঙ্কিত হওয়ার আগে, লক্ষণগুলো বোঝা এবং সঠিকভাবে মূল্যায়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাম কাঁধে ব্যথার সম্ভাব্য কারণসমূহ

হৃদযন্ত্রের সমস্যা (Heart-related pain)

বাম কাঁধে ব্যথার সবচেয়ে গুরুতর সম্ভাব্য কারণ হলো হৃদরোগ, বিশেষ করে হার্ট অ্যাটাক বা এনজাইনা। এই ক্ষেত্রে ব্যথা সাধারণত- 

  • বাম কাঁধ থেকে বাম হাত পর্যন্ত ছড়িয়ে পড়ে
  • বুকে চাপ বা ভারী ভাব অনুভূত হয়
  • শ্বাস নিতে কষ্ট হয়
  • হঠাৎ ঘাম, বমি ভাব বা মাথা ঘোরা দেখা দেয়। এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। যদি বাম কাঁধের ব্যথার সাথে বুকব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম বা অস্বস্তি থাকে- এক মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান।
ফ্রোজেন শোল্ডার

ফ্রোজেন শোল্ডার বাম কাঁধে ব্যথার একটি খুবই সাধারণ কারণ, বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সীদের মধ্যে। এই ক্ষেত্রে- 

  • ধীরে ধীরে ব্যথা শুরু হয়
  • হাত তুলতে বা পেছনে নিতে কষ্ট হয়
  • সকালে বা রাতে ব্যথা বেশি থাকে
  • কাঁধ শক্ত ও নড়াচড়া সীমিত হয়ে যায়। ডায়াবেটিস রোগীদের মধ্যে বাম কাঁধে ফ্রোজেন শোল্ডার বেশি দেখা যায়।
সারভাইক্যাল ডিস্ক বা ঘাড়ের সমস্যা

ঘাড়ের হাড় বা ডিস্কের সমস্যার কারণে অনেক সময় ব্যথা বাম কাঁধে ছড়িয়ে পড়ে। এই ধরনের ব্যথার বৈশিষ্ট্য- 

  • ঘাড় নড়ালে ব্যথা বাড়ে
  • কাঁধ ও হাতে ঝিনঝিন বা অবশ ভাব
  • দীর্ঘক্ষণ বসে কাজ করলে সমস্যা বাড়ে
  • মাথা ভার লাগা

বর্তমানে যারা ল্যাপটপ বা মোবাইলে দীর্ঘ সময় কাজ করেন, তাদের মধ্যে এই সমস্যা খুবই সাধারণ।

পেশির টান বা মাংসপেশির সমস্যা

সব বাম কাঁধের ব্যথা যে জটিল কোনো রোগের ইঙ্গিত দেবে, বিষয়টি কিন্তু তেমন নয়। অনেক সময় আমাদের প্রাত্যহিক জীবনের ছোটখাটো কিছু অনিয়ম বা ভুলের কারণেও কাঁধে অসহ্য যন্ত্রণা হতে পারে। যেমন: হঠাৎ শরীরের ক্ষমতার বাইরে ভারী কোনো কিছু তোলা, দীর্ঘক্ষণ একদিকে কাত হয়ে শুয়ে থাকা কিংবা ভুল ভঙ্গিতে ঘুমানোর মতো সাধারণ কারণেও পেশিতে টান বা ‘মাসল স্ট্রেইন’ হতে পারে। এমনকি অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তার কারণেও অনেক সময় আমাদের কাঁধের পেশিগুলো সংকুচিত বা শক্ত হয়ে থাকে।

পেশির টানের ব্যথা বোঝার কিছু সহজ উপায়: সাধারণত এই ধরণের ব্যথা খুব নির্দিষ্ট একটি জায়গায় সীমাবদ্ধ থাকে। আক্রান্ত স্থানে চাপ দিলে ব্যথা বাড়ে, আবার কিছুটা বিশ্রাম নিলে বা গরম সেঁক দিলে স্বস্তি অনুভব হয়। সাধারণত সঠিক বিশ্রাম এবং জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলে এই ধরণের ব্যথা কয়েক দিনের মধ্যেই নিজে থেকে সেরে যায়। তবে পেশির এই টানকে অবহেলা না করে শুরুতেই সচেতন হওয়া জরুরি, যেন এটি পরবর্তীতে দীর্ঘমেয়াদী সমস্যায় রূপ না নেয়।

ডান কাঁধে ব্যথা কিসের লক্ষণ?  

অধিকাংশ মানুষের ক্ষেত্রে ডান হাত হলো প্রধান কর্মক্ষম হাত। লিখতে গেলে, খেতে গেলে কিংবা ঘরের টুকটাক কাজ করতে গেলে আমরা ডান হাতই বেশি ব্যবহার করি। স্বাভাবিকভাবেই এই কাঁধের ওপর চাপটাও একটু বেশি থাকে। বাম কাঁধের ব্যথার মতো এটি সাধারণত সরাসরি হৃদযন্ত্রের সাথে সম্পর্কিত নয়, তবে এটি যখন শুরু হয় তখন আমাদের পুরো জীবনযাত্রাকে স্থবির করে দিতে পারে। অনেক সময় এটি ধীরে ধীরে বাড়ে এবং চিকিৎসা না নিলে দীর্ঘস্থায়ী (Chronic Shoulder Pain) আকার ধারণ করতে পারে।

ডান কাঁধে ব্যথার পেছনে সাধারণত পেশি, জয়েন্ট, লাইফস্টাইল কিংবা কখনো কখনো অভ্যন্তরীণ অঙ্গের সমস্যাও দায়ী থাকতে পারে। ডান কাঁধে ব্যথার সাধারণ কারণসমূহ-

অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তি (Overuse Injury)

আপনার যদি দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করার অভ্যাস থাকে কিংবা নিয়মিত ভারী কিছু ওঠানো-নামানো করতে হয়, তবে আপনার ডান কাঁধের পেশিগুলো সময়ের আগেই ক্লান্ত হয়ে যেতে পারে। বারবার একই ধরণের নড়াচড়ার ফলে পেশি ও টেন্ডনের ওপর যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র চাপ পড়ে, তা-ই এক সময় Chronic Shoulder Pain বা দীর্ঘস্থায়ী যন্ত্রণায় রূপ নেয়। সাধারণত দিনের শেষে বা টানা কাজের পর এই ব্যথাটি বেশি অনুভূত হয়।

হঠাৎ আঘাত বা ভুলভাবে ওজন তোলা

আমরা অনেক সময় শরীরের ক্ষমতার কথা না ভেবেই হঠাৎ কোনো ভারী ব্যাগ বা জিনিস ডান হাতে তুলে ফেলি। এই হঠাৎ ঝটকা বা ভুল ভঙ্গিতে ওজন তোলা থেকে কাঁধের লিগামেন্টে টান লাগতে পারে। এই ধরণের ব্যথা সাধারণত হঠাৎ করে শুরু হয় এবং আক্রান্ত স্থানে চাপ দিলে যন্ত্রণার তীব্রতা বেড়ে যায়। শুরুতেই বিশ্রাম না নিলে এই সামান্য টানটিই পরবর্তীতে বড় ইনজুরিতে পরিণত হতে পারে।

ঘুমের ভুল ভঙ্গি

রাতের ঘুমের ভূল পজিশন আপনার ডান কাঁধের ব্যথার জন্য দায়ী হতে পারে। যারা সারা রাত ডান পাশ ফিরে বা ডান কাঁধের ওপর ভর দিয়ে ঘুমান, তাদের কাঁধের নিচে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়। আবার খুব উঁচু বা শক্ত বালিশ ব্যবহার করলেও ঘাড় ও কাঁধের পেশি সারা রাত টানটান হয়ে থাকে। এর ফলে সকালে ঘুম থেকে উঠেই কাঁধ ভারি বা আড়ষ্ট মনে হতে পারে।

ঘাড় থেকে ছড়িয়ে পড়া ব্যথা (Cervical Spine Issue)

অনেক সময় ডান কাঁধের ব্যথার আসল উৎস থাকে ঘাড়ে। ঘাড়ের হাড়ের ক্ষয় বা নার্ভে চাপের কারণে ব্যথাটি ঘাড় থেকে কাঁধ বেয়ে পুরো হাতে ছড়িয়ে পড়ে। যদি কাঁধের ব্যথার পাশাপাশি হাতে ঝিনঝিন করা বা অবশ ভাব থাকে, তবে বুঝতে হবে সমস্যাটি হয়তো আপনার মেরুদণ্ডের সাথে যুক্ত।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- কখনো কখনো ডান কাঁধের ব্যথার কারণ কাঁধে নয়, বরং আপনার লিভার বা গলব্লাডারে (পিত্তথলি) থাকতে পারে। একে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ‘রিফার্ড পেইন’। যদি ডান কাঁধের ব্যথার সাথে আপনার পেটের উপরিভাগে অস্বস্তি, গ্যাস বা বমি ভাব থাকে, তবে তা গলব্লাডারের পাথর বা প্রদাহের সংকেত হতে পারে। যদিও এটি খুব সাধারণ কারণ নয়, তবুও এই ধরণের উপসর্গ দেখা দিলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

কখন ডান কাঁধের ব্যথা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?

নিচের লক্ষণগুলো থাকলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত- 

  • ব্যথা কয়েক সপ্তাহেও না কমা
  • হাত তুলতে বা দৈনন্দিন কাজ করতে সমস্যা
  • রাতে ব্যথায় ঘুম ভেঙে যাওয়া
  • ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকা
  • কাঁধ শক্ত বা নড়াচড়া সীমিত হয়ে যাওয়া 

সংক্ষেপে বলা যায় ডান কাঁধে ব্যথা বেশিরভাগ সময়ই লাইফস্টাইল, অতিরিক্ত কাজ বা পেশিজনিত সমস্যার ফল, তবে দীর্ঘদিন অবহেলা করলে এটি ফ্রোজেন শোল্ডার বা অন্যান্য জটিল সমস্যায় রূপ নিতে পারে। সঠিক সময়ে কারণ নির্ণয় ও চিকিৎসা নিলে ডান কাঁধের ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। 

কাঁধের ব্যথা প্রতিরোধের উপায়

কাঁধের ব্যথা একবার দীর্ঘস্থায়ী হয়ে গেলে তা থেকে মুক্তি পেতে সময় এবং ধৈর্য; দুটোরই প্রয়োজন হয়। কিন্তু আশার কথা হলো, আমাদের প্রাত্যহিক জীবনের সামান্য কিছু সচেতনতা এবং অভ্যাসের পরিবর্তন এই অসহ্য যন্ত্রণা থেকে আমাদের দূরে রাখতে পারে। বিশেষ করে যারা ডেস্কে কাজ করেন কিংবা ডিজিটাল ডিভাইসে দীর্ঘ সময় ব্যয় করেন, তাদের জন্য নিচের পরামর্শগুলো অত্যন্ত কার্যকর:

বসার ভঙ্গি ঠিক করুন (Posture correction)

আমাদের অধিকাংশ কাঁধের ব্যথার মূল কারণ হলো ভুল ভঙ্গিতে বসা। কাজ করার সময় কুঁজো হয়ে না বসে মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করুন। আপনার কম্পিউটার স্ক্রিনটি চোখের সমান উচ্চতায় রাখুন যেন বারবার মাথা নিচু করতে না হয়। মনে রাখবেন, সঠিক ভঙ্গিতে বসার অভ্যাস কেবল আপনার কাঁধ নয়, বরং ঘাড় ও পিঠের স্বাস্থ্যকেও উন্নত করবে।

কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন এবং হালকা স্ট্রেচ করুন

দৈনন্দিন কাজের চাপের মধ্যে আমরা প্রায়ই দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকি, যা কাঁধের পেশিকে শক্ত ও অস্বস্তিকর করে তোলে। তাই প্রতি ৩০–৪৫ মিনিট অন্তর কাজের মধ্যে ছোট বিরতি নিন। যা করা উচিৎ-

  • চেয়ার ছেড়ে খানিকটা হাঁটক
  • হাত ও কাঁধ হালকা ঘোরান
  • হাত উপরে তুলে স্ট্রেচ করুন
  • ঘাড় ও পেছন স্বাভাবিকভাবে রিল্যাক্স করুন

এই মাত্র কয়েক মিনিটের সচেতনতা আপনার কাঁধকে শক্ত ও ব্যথামুক্ত রাখে এবং দীর্ঘ সময়ের জন্য স্থির থাকার নেতিবাচক প্রভাব কমিয়ে দেয়।

অতিরিক্ত ভার বহনে ভারসাম্য বজায় রাখুন

আমরা অনেকেই অভ্যাসবশত কেবল এক পাশের কাঁধে ভারী ল্যাপটপ ব্যাগ বা বাজারের থলে বহন করি। এর ফলে শরীরের এক পাশের পেশির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ভারসাম্য নষ্ট হয়। চেষ্টা করুন দুই কাঁধে ঝোলানো যায় এমন ব্যাকপ্যাক ব্যবহার করতে, অথবা হাতের ওজনটি দুই হাতে সমানভাবে ভাগ করে নিতে।

নিয়মিত ব্যায়াম করুন

কাঁধের জয়েন্টকে সচল রাখতে হালকা কিছু ব্যায়ামের বিকল্প নেই। প্রতিদিন অন্তত ৫-১০ মিনিট কাঁধ ঘোরানো (Shoulder circles) বা পেন্ডুলাম এক্সারসাইজের মতো সহজ ব্যায়ামগুলো করুন। এটি আপনার জয়েন্টের নমনীয়তা বজায় রাখতে এবং মাংসপেশিকে শক্তিশালী করতে সাহায্য করবে। তবে আপনার যদি আগে থেকেই ব্যথা থাকে, তবে নতুন কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।

কাঁধের সুস্থতায় সঠিক বালিশ নির্বাচন ও ঘুমের ভঙ্গি

সকালে ঘুম থেকে উঠে কাঁধ জ্যাম হয়ে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই হয়। এর পেছনে দায়ী হলো ভুল উচ্চতার বালিশ। খুব বেশি উঁচু বা অতিরিক্ত শক্ত বালিশ ব্যবহার করবেন না। ঘুমানোর সময় চেষ্টা করুন যেন কাঁধের ওপর সরাসরি চাপ না পড়ে। একটি আরামদায়ক ঘুমের ভঙ্গি আপনার পেশিকে সারা রাত রিল্যাক্স হতে সাহায্য করবে।

ওজন নিয়ন্ত্রণ ও খাদ্যাভ্যাসের পরিবর্তন

শরীরের অতিরিক্ত ওজন জয়েন্টের প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়িয়ে দেয়। সুষম খাবার গ্রহণ এবং ওজন নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে আপনি ফ্রোজেন শোল্ডার বা আর্থ্রাইটিসের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারেন। প্রচুর পরিমাণে পানি পান করুন এবং খাবারে ক্যালসিয়াম ও ভিটামিন-ডি সমৃদ্ধ খাবার রাখুন।

কাঁধের ব্যথাকে অবহেলা করে জটিল করে তোলার চেয়ে শুরু থেকেই জীবনযাত্রায় এই ছোট পরিবর্তনগুলো আনা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তাই আজ থেকেই সচেতন হলে, আপনার শরীর আপনাকে আগামীর সুস্থতা বয়ে নিয়ে আসবে।

কাঁধের ব্যথার চিকিৎসা 

কাঁধে একটু ব্যথা হলেই আমরা ড্রয়ারে পড়ে থাকা ব্যাথা নাশক ঔষধ বা কাছের ফার্মেসি থেকে একটা পেইনকিলার খেয়ে থাকি। আমরা ধরে নিই যে, একটা বড়ি খেলেই বোধহয় সব যন্ত্রণা জাদুর মতো উধাও হয়ে যাবে। কিন্তু আমাদের এই অতি-নির্ভরশীলতা অনেক সময় সমস্যাকে আরও জটিল করে তোলে। বাস্তবতা হলো, আপনার কাঁধের এই জটিল জয়েন্টটি সুস্থ হওয়ার জন্য কোনো জাদুকরী ওষুধের চেয়ে সঠিক যত্ন এবং সময়ের প্রয়োজন অত্যন্ত বেশি।

কাঁধের ব্যথার চিকিৎসা নির্ভর করে মূলত ব্যথার কারণ, তীব্রতা, স্থায়িত্ব এবং রোগীর বয়স ও দৈনন্দিন জীবনযাত্রার ওপর। সব কাঁধের ব্যথার জন্য এক ধরনের চিকিৎসা কার্যকর হয় না। কারও ক্ষেত্রে সাধারণ বিশ্রাম ও ব্যায়ামেই উপকার হয়, আবার কারও ক্ষেত্রে আধুনিক থেরাপি বা বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- কাঁধের ব্যথার সঠিক কারণ নির্ণয় না করে চিকিৎসা শুরু করা উচিত নয়। কারণ ভুল চিকিৎসা সাময়িক আরাম দিলেও দীর্ঘমেয়াদে সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। বাংলাদেশী রোগীদের জন্য সুখবর যে, ঢাকার শশী হাসপাতাল (আকুপাংচার)-এ প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ মানুষই কোনো রকম জটিল অপারেশন ছাড়াই আকুপাংচার এবং অনান্য থেরাপি গ্রহণ করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন।  

কাঁধের ব্যথার চিকিৎসা কীভাবে নির্ধারণ করা হয়?

একজন অভিজ্ঞ চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট সাধারণত নিচের বিষয়গুলো বিবেচনা করে চিকিৎসা পরিকল্পনা করেন- 

  • ব্যথা কতদিন ধরে আছে (Acute না Chronic)
  • ব্যথা হঠাৎ শুরু হয়েছে নাকি ধীরে ধীরে
  • হাত তুলতে বা নড়াচড়া করতে সমস্যা হচ্ছে কিনা
  • রাতে ব্যথা বাড়ে কিনা
  • ডায়াবেটিস, আর্থ্রাইটিস বা অন্য কোনো রোগ আছে কিনা
  • পূর্বে কোনো আঘাত বা সার্জারি হয়েছে কিনা

প্রয়োজনে এক্স-রে, আল্ট্রাসাউন্ড বা এমআরআই করে সমস্যার গভীরতা নির্ণয় করা হয়।

কাঁধের ব্যথার প্রাথমিক চিকিৎসা

ব্যথা যখন একদম শুরুতে থাকে বা খুব বেশি তীব্র হয় না, তখন আমাদের প্রথম কাজ হলো শরীরকে নিজে থেকে সেরে ওঠার সময় দেওয়া। আমরা যদি শুরুতেই নিচের সাধারণ বিষয়গুলোতে সতর্ক হতে পারি, তবে অনেক বড় সমস্যা অনায়াসেই এড়িয়ে চলা সম্ভব:

  • বিশ্রামের গুরুত্ব: আমরা প্রায়ই ব্যথা থাকা অবস্থায় জোর করে কাজ চালিয়ে যাই, যা কাঁধের পেশির ভেতরের ক্ষতকে আরও গভীর করে দেয়। অথচ কয়েকটা দিন ভারী কাজ থেকে বিরত থেকে হাতকে পর্যাপ্ত বিশ্রাম দিলে পেশিগুলো নিজের ক্ষত নিজেই সারিয়ে নেওয়ার সুযোগ পায়।
  • সেঁক দেওয়ার সঠিক নিয়ম: ব্যথার ধরন বুঝে ঠান্ডা বা গরম সেঁক চমৎকার কাজ করে। যদি হঠাৎ কোনো চোট বা আঘাতের কারণে কাঁধ ফুলে যায়, তবে সেখানে বরফ সেঁক (Cold Compress) দিলে দ্রুত উপশম মেলে। অন্যদিকে, পুরনো ব্যথায় পেশি যখন শক্ত হয়ে যায়, তখন গরম সেঁক (Warm Compress) রক্ত সঞ্চালন বাড়িয়ে আড়ষ্টতা কমিয়ে দেয়।
  • সতর্ক ওষুধ সেবন: পেশির ভেতরের প্রদাহ কমাতে ডাক্তার হয়তো নির্দিষ্ট মেয়াদে কিছু ওষুধ দিতে পারেন, কিন্তু সেটাকে কখনোই স্থায়ী সমাধান ভাবা ঠিক নয়। মনে রাখবেন, দিনের পর দিন পেইনকিলার খাওয়ার অভ্যাস আপনার কিডনি বা পাকস্থলীর জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই ওষুধকে কেবল সাময়িক আরাম হিসেবেই দেখা উচিত।
  • হালকা নড়াচড়া বা স্ট্রেচিং: কয়েক দিনের বিশ্রাম শেষে ব্যথা একটু কমে এলেই হাত-পা একদম ছেড়ে না দিয়ে হালকা স্ট্রেচিং শুরু করা জরুরি। এতে কাঁধের পেশিগুলো পুরোপুরি ‘জ্যাম’ বা শক্ত হয়ে যাওয়ার সুযোগ পায় না এবং জয়েন্টের সচলতা দ্রুত ফিরে আসে।

কাঁধের ব্যথার আকুপাংচার চিকিৎসা: 

কাঁধের ব্যথার চিকিৎসায় বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম স্বীকৃত ও বৈজ্ঞানিক পদ্ধতি হলো আকুপাংচার। বিশেষ করে যারা দীর্ঘদিনের ফ্রোজেন শোল্ডার বা নার্ভজনিত সমস্যায় ভুগছেন এবং কেবল ব্যথানাশক ওষুধে স্থায়ী মুক্তি পাচ্ছেন না, তাদের আকুপাংচার চিকিৎসা হতে পারে একটি নিরাপদ ও দীর্ঘমেয়াদী সমাধান।

আকুপাংচার যেভাবে কাজ করে ও এর উপকারিতা:

  • প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়া: এই পদ্ধতিতে শরীরের সুনির্দিষ্ট কিছু পয়েন্টে অত্যন্ত সূক্ষ্ম ও জীবাণুমুক্ত নিডল ব্যবহার করা হয়। এটি শরীরের প্রাকৃতিক ‘হিলিং মেকানিজম’ বা নিজস্ব নিরাময় ক্ষমতাকে সক্রিয় করে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।
  • নার্ভ ও পেশির শিথিলতা: আকুপাংচার মূলত ব্যথা সৃষ্টিকারী নার্ভের উত্তেজনা কমিয়ে দেয় এবং পেশির গভীর স্তরের আড়ষ্টতা (Stiffness) দূর করে। ফলে কাঁধের স্বাভাবিক নমনীয়তা দ্রুত ফিরে আসে।
  • রক্ত সঞ্চালন ও প্রদাহ নিয়ন্ত্রণ: আক্রান্ত স্থানে রক্ত সঞ্চালন বাড়িয়ে এটি কোষের পুষ্টি নিশ্চিত করে এবং টিস্যুর ভেতরের দীর্ঘস্থায়ী প্রদাহ (Inflammation) হ্রাস করে। এতে ফোলা ভাব কমে এবং যন্ত্রণার উপশম ঘটে।
  • ওষুধের ওপর নির্ভরতা হ্রাস: নিয়মিত আকুপাংচার সেশন গ্রহণ করলে ব্যথানাশক ওষুধের প্রয়োজনীয়তা কমে আসে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এটি শরীরের ভেতর থেকে কাজ করে বলে দীর্ঘমেয়াদী ফ্রোজেন শোল্ডারে এটি সবচেয়ে কার্যকর বিকল্প।

সহজ কথায়, আকুপাংচার কেবল লক্ষণ নয়, বরং সমস্যার মূলে কাজ করে আপনার কাঁধকে পুনরায় সচল ও কর্মক্ষম করে তোলে। 

কাঁধের ব্যথার ফিজিওথেরাপি চিকিৎসা

ফিজিওথেরাপি কেবল একটি চিকিৎসা পদ্ধতি নয়, বরং কাঁধের কার্যক্ষমতা ফিরে পাওয়ার সবচেয়ে বিজ্ঞানসম্মত ও নিরাপদ উপায়। বিশেষ করে যখন ব্যথা দীর্ঘস্থায়ী হয় কিংবা হাত ওপরে তোলা বা নাড়াচাড়া করা কঠিন হয়ে পড়ে, তখন দ্রুত সুস্থতার জন্য ফিজিওথেরাপি অপরিহার্য।

কাঁধের ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা ও কার্যকারিতা:

  • জয়েন্টের সচলতা বৃদ্ধি: ফিজিওথেরাপি শক্ত হয়ে যাওয়া জয়েন্ট ও পেশিকে পুনরায় নমনীয় করে তোলে। এটি ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরির মতো সমস্যায় হাতের স্বাভাবিক মুভমেন্ট ফিরিয়ে আনতে জাদুর মতো কাজ করে।
  • মূল কারণ নির্মূল: ফিজিওথেরাপি কেবল ব্যথা কমানো নয়, বরং ব্যথার পেছনের মূল কারণ যেমন পেশির দুর্বলতা বা টেন্ডনের আড়ষ্টতা নির্ণয় করে এটি দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করে।
  • রক্ত সঞ্চালন ও প্রদাহ হ্রাস: আধুনিক থেরাপিউটিক টেকনিকের মাধ্যমে আক্রান্ত স্থানে রক্ত সঞ্চালন বাড়ানো হয়, যা কোষের ক্ষয় পূরণ করে এবং নার্ভের ওপর থাকা অতিরিক্ত চাপ ও প্রদাহ কমিয়ে দেয়।

সহজ কথায়, ফিজিওথেরাপি আপনার কাঁধকে শুধু ব্যথামুক্ত করে না, বরং ভবিষ্যতে আবারও এমন সমস্যা হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।

কাঁধের ব্যথার ফিজিওথেরাপিতে কী কী অন্তর্ভুক্ত থাকে?

একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট রোগীর বয়স, ব্যথার ধরন ও তীব্রতা অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা করেন। সাধারণত এতে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে-  

আধুনিক ইনজেকশন থেরাপি

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে যখন প্রথাগত ওষুধ বা প্রাথমিক যত্নে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না, তখন চিকিৎসকগণ দ্রুত ব্যথা কমানোর জন্য আধুনিক ইনজেকশন থেরাপি ব্যবহার। এটি মূলত আক্রান্ত স্থানের গভীরে কাজ করে বিধায় দ্রুত সুস্থতা নিশ্চিত করে। 

আধুনিক ইনজেকশন থেরাপির ধরণসমূহ:

  • PRP (পিআরপি) থেরাপি: এটি একটি প্রাকৃতিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি। এখানে রোগীর নিজস্ব রক্ত থেকে বিশেষ উপাদান (প্লাজমা) সংগ্রহ করে আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয়, যা ক্ষতিগ্রস্ত টেন্ডন বা টিস্যু দ্রুত পুনর্গঠনে সাহায্য করে।
  • স্টেরয়েড ইনজেকশন: জয়েন্টের ভেতরে অসহ্য যন্ত্রণা বা তীব্র প্রদাহ থাকলে দ্রুত আরাম দিতে এটি ব্যবহার করা হয়। এটি মূলত ফোলা ভাব কমিয়ে জয়েন্টের নড়াচড়াকে সহজ করে তোলে।

এই ইনজেকশনগুলো সবার জন্য প্রযোজ্য নয়। আপনার কাঁধের ব্যথার ধরণ এবং শারীরিক অবস্থা বিশদভাবে বিশ্লেষণ করে একজন ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কোনটি সঠিক সমাধান।

কাঁধের ব্যথায় সার্জারি 

অধিকাংশ ক্ষেত্রে আধুনিক থেরাপিতেই কাঁধের ব্যথা সেরে যায়, তবে খুব সামান্য কিছু জটিল পরিস্থিতিতে চিকিৎসকরা অস্ত্রোপচার বা সার্জারির পরামর্শ দিয়ে থাকেন। মনে রাখবেন, সার্জারি হলো চিকিৎসার একদম শেষ ধাপ।

কখন সার্জারির প্রয়োজন হতে পারে?

  • যদি কাঁধের গুরুত্বপূর্ণ পেশি বা রোটেটর কাফ পুরোপুরি ছিঁড়ে যায়।
  • দুর্ঘটনা বা অন্য কোনো কারণে জয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে।
  • দীর্ঘদিন সব ধরণের উন্নত চিকিৎসা করার পরেও যদি ব্যথার কোনো উন্নতি না হয়।

কাঁধের ব্যথা দূর করার ঘরোয়া উপায়

আধুনিক চিকিৎসার পাশাপাশি আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস বদলে ফেললে কিংবা কাঁধের ব্যথা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় অনুসরণ করলে কাঁধের ব্যথা শুধু দ্রুত কমে না, বরং তা পুনরায় ফিরে আসাও বন্ধ হয়। এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার সুস্থতাকে ত্বরান্বিত করবে:

  • সেঁক দেওয়ার সঠিক ব্যবহার: পেশির শক্ত ভাব কমাতে কুসুম গরম পানির সেঁক দারুণ কার্যকর। প্রতিদিন অন্তত ২-৩ বার ১০ থেকে ১৫ মিনিট গরম সেঁক দিলে জয়েন্টের রক্ত সঞ্চালন বাড়ে এবং পেশি শিথিল হয়।
  • সঠিক সাপোর্টের বালিশ: ঘুমের সময় আপনার ঘাড় ও কাঁধ যেন সঠিক উচ্চতায় থাকে সেদিকে খেয়াল রাখুন। এমন বালিশ ব্যবহার করুন যা আপনার ঘাড়ের স্বাভাবিক বাঁককে সাপোর্ট দেয়।
  • পেশিকে সচল রাখা: ব্যথা সহনীয় পর্যায়ে থাকলে হাত একদম ফেলে রাখবেন না। বিশেষজ্ঞের দেখানো দু-একটি হালকা স্ট্রেচিং বা ব্যায়াম নিয়মিত করার চেষ্টা করুন যেন জয়েন্ট জ্যাম হয়ে না যায়।
  • কাজের মাঝে বিরতি: যারা দীর্ঘক্ষণ ডেস্কে বা কম্পিউটারে কাজ করেন, তারা একটানা বসে না থেকে মাঝে মাঝে বিরতি নিন। এই সময়টুকুতে একটু হাঁটাহাঁটি বা কাঁধ হালকা ঘুরিয়ে নেওয়া আপনার পেশির ওপর অতিরিক্ত চাপ কমাবে।
  • পুষ্টিকর খাদ্যাভ্যাস: হাড় ও পেশির মজবুতের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি অত্যন্ত জরুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সাপ্লিমেন্ট বা খাবার তালিকায় রাখুন।

মনে রাখতে হবে, তীব্র ব্যথা বা নড়াচড়ায় সমস্যা থাকলে নিজে নিজে ব্যায়াম না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ। কেননা এটি শুধু পেশির সমস্যা না হয়ে ফ্রোজেন শোল্ডার, নার্ভজনিত সমস্যা বা দীর্ঘস্থায়ী জয়েন্ট সমস্যার লক্ষণও হতে পারে। সময়মতো সঠিক কারণ নির্ণয় এবং আধুনিক চিকিৎসা গ্রহণ করলে কাঁধের ব্যথা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব

উপসংহার: ব্যথার সাথে আপস নয়, জীবন হোক সচল

কাঁধের ব্যথাকে আমরা অনেকেই শুরুতে ‘সামান্য টান লেগেছে’ ভেবে এড়িয়ে চলি। কিন্তু এই অবহেলাই একসময় সাধারণ ব্যথাকে ফ্রোজেন শোল্ডার বা নার্ভের জটিল সমস্যায় রূপ দেয়। যখন রাতে ব্যথার কারণে ঘুম ভেঙে যায় কিংবা দৈনন্দিন সাধারণ কাজ করতেও কষ্ট হয়, তখন বুঝতে হবে শরীর আপনাকে সংকেত দিচ্ছে- সে আর সইছে না।

বাংলাদেশের ঢাকার শান্তিনগরে অবস্থিত শশী হাসপাতাল (আকুপাংচার)-এ কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পা ব্যথা, কাঁধের ব্যথা এবং শরীরের অন্যান্য দীর্ঘস্থায়ী ব্যথার জন্য অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ বা অপারেশন ছাড়াই সমন্বিত চিকিৎসা প্রদান করা হয়। রোগীর অবস্থা অনুযায়ী আকুপাংচার, ওজোন থেরাপি, ফিজিওথেরাপি  ও অনান্য সমন্বিত চিকিৎসা দেওয়া হয়, যাতে ধাপে ধাপে ব্যথা কমে এবং স্বাভাবিক চলাফেরা ফিরে আসে।

আজই সচেতন হোন, ব্যথার মূল কারণ জানুন এবং প্রয়োজন হলে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে চিকিৎসা নিন। কারণ সুস্থ কাঁধ মানেই আত্মবিশ্বাসী, কর্মক্ষম ও স্বাচ্ছন্দ্যময় জীবন।